স্কুল কলেজের শিক্ষায় দ্বীনি উদাসীনতা এবং আমাদের করনীয়-৬
গত পর্বে একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মুসলিম যুবক হিসেবে কি ধরণের উদ্যোগ নেয়া যায় সে বিষয়ে কিছু আইডিয়া দেয়া হয়েছে। এবার আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা করা যাক। আর্থিকভাবে আমাদের অবদান কি হতে পারে এরকম শিরোনামে কিছুদিন আগে একটা লেখায় কিছু ধারণা দিয়েছিলাম। আজকের লেখাটাও সেখান থেকেই নেয়া অনেকটা। আমাদের নিজস্ব কিছু সার্কেল থাকে। আমরা যে এলাকায় বড় হই, সেখানে আমাদের এক পরিচিত সার্কেল গড়ে উঠে। সার্কেল বলতে আমি এক ক্লাসে পড়েছি শুধু এরকম বন্ধু/ক্লাসমেটদের বুঝাচ্ছি না। বরং উঠা বসার কারণে মোটামুটি একটা ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়েছে এরকম গ্রুপকে বুঝাচ্ছি। অনলাইনের গ্রুপের সাথে এর পার্থক্য হল অনলাইনের সম্পর্কগুলো অনেক সময় অবিশ্বাস আর সন্দেহের আক্রমণের স্বীকার হয়। ফলে একটু চাপ আসতেই ভেঙ্গে পড়ে। এই সার্কেলগুলোর উৎপত্তি বাস্তব জীবনের উঠাবসার মাধ্যমে হয় বলে নিজেদের মধ্যে মোটামুটি একটা বুঝ গড়ে উঠে এবং স্থায়িত্ব বেশী হয়। তো এরকম সার্কেল হতে পারে এলাকা কেন্দ্রিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কিংবা চাকরি/ব্যবসা ইত্যাদির মাধ্যমে তৈরি হওয়া অথবা একেবারে বিশুদ্ধ অনলাইন সার্কেল। ...