ওটি সাইবার সিকিউরিটি (OT Cybersecurity)
সাইবার সিকিউরিটি শব্দটা শুনলেই আমাদের মাথায় এন্টিভাইরাসের নাম চলে আসে। কেউ হ্যাকিং পারে শুনলেই আমরা অস্থির হয়ে যাই, ভাই আমার অমুক পেজ উদ্ধার করে দেন, অমুকের প্রোফাইল হ্যাক করে দেন। আমি যদি বলি এগুলো হ্যাকিং বা সাইবার সিকিউরিটির খুব ছোট্ট একটা পার্ট তাহলে হয়ত অনেকেই বিশ্বাস করবে না। যাইহোক, গতকাল লেবাননের পেজার বিস্ফোরণের পর ভাবলাম কিছু লিখি। প্রথমে কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। ২০১০ সালের আগে ইরানের একটি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অনেক নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যায়। অজানা কারণে সেন্ট্রিফিউজের মোটরের স্পিড বাড়ে কমে, একসময় পুড়ে যায় যদিও মনিটরিং এ কোন লক্ষ্মণই উঠে আসে না। এর পিছনে ছিল স্টাক্সনেট (stuxnet) নামক ওয়ার্ম (worm) যা তৈরি করেছিল আমেরিকা এবং ইজরায়েল। ধারণা করা হয় একটা পেনড্রাইভ থেকে এই এটাকের সুত্রপাত হয়েছিল। ...